জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না : ড. মোশাররফ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০০
জনগণ এই সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে এ সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করবে’।
বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
খন্দকার মোশারফ বলেন, ‘বাংলাদেশের জনগণ এ সরকারকে বিদায় দেওয়ার জন্য একমত হয়েছে। এটা বিএনপির গণসমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে বর্বরতা ঘটিয়েছে এমন ঘটনা পাকিস্তানের হানাদার বাহিনীও ঘটায়নি। এ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছে তা-ই করছে।’
তিনি বলেন, ‘আমেরিকার রাষ্ট্রদূত গুম হওয়া একটি পরিবারের খোঁজখবর নিতে গিয়েছেন। সেখানে সরকারের পেটুয়া বাহিনী তাকে অপমান করেছে। এগুলো সরকার কীভাবে লুকিয়ে রাখবে।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কোনো সমাবেশের ঘোষণা করলেই আওয়ামী লীগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বলানো হয় আমরা সমাবেশ করতেছি ভায়োলেন্স করার জন্য, আমরা সমাবেশ করতেছি অরাজকতা সৃষ্টি করার জন্য।
‘আমরা দশটি সমাবেশ করেছি, প্রতিটি সমাবেশে তাদের পেটুয়া বাহিনী বিএনপি নেতা কর্মীদেরকে সমাবেশে যেতে দেয়নি, যানবাহন বন্ধ করে দিয়েছে। কিন্তু দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ অংশগ্রহণ করেছে, তারা সমাবেশ সফল করেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এটার জন্য আমাদের ভাড়াটিয়ার প্রয়োজন হয়নি। জনগণ দেখেছে, এছাড়া আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে’, বলেন তিনি।
বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রোভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাবির সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রমুখ।
ইউডি/এ

