বিএনপির ৫ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

বিএনপির ৫ নেতাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৩০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও দলটির নির্বাহীর কমিটির সদস্য বরিশালের আবুল হোসেনকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রোববার (১৮ ডিসেম্বর) এ আদেশ দেন। গত বুধবার তাদের পরিবারের পক্ষ থেকে এ রিট আবেদন দায়ের করা হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর সন্ধ্যায় জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, পানি, খিচুড়ি ও নগদ টাকা পায় পুলিশ। এসময় রিজভীসহ ৪৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading