ফিফা সভাপতিকে নোরার ‘লাল জুতো’ উপহার
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৩০
আজ (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের পর্দা নেমে যাবে। এরপর ফুটবল পাবে তাদের নতুন চ্যাম্পিয়ন। চার বছর সেরার মুকুট থাকবে তাদের দখলে। ঠিক তার আগের রাতে বলিউড কুইন নোরা ফাতেহি গেলেন ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনোর কাছে। তুলে দিলেন এক অবাক করা উপহার।
নোরার এমন উপহারে উচ্ছ্বসিত ফিফা সভাপতি। সেই উপহারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে লাল একটি বক্স নোরা ইনফ্যান্তিনোর হাতে দিয়েছেন। যেটি নিয়ে দুজনই বেশ উত্তেজিত ছিলেন। বক্স টি খুললে বেরিয়ে আসে লাল রঙের এক জোড়া জুতো।
জুতোর নিচে নরম কাঁটা। উপরে ড্রাগনের গায়ের মতো নকশা করা। অস্বাভাবিক উজ্জ্বল সেই জুতো জোড়া ঘুরিয়ে-ফিরিয়ে দেখে চললেন ইনফ্যান্তিনো। বললেন, ‘বাহ্! আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।’

তাঁকে খুশি হতে দেখে নোরাও আপ্লুত। বললেন, ‘আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতো জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।’
নোরা জানান, এই জুতো বিশেষভাবে ইনফ্যান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেইসঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

আজ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ লুসাইল স্টেডিয়ামে। সেই সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি। এতে পারফর্ম করবেন নোরা।
প্রথম বলিউড তারকা তিনি, ফুটবল বিশ্বকাপের ময়দানে পারফর্ম করার আমন্ত্রণ পেয়েছেন। তাই বছরটি স্মরণীয় করে রাখতে ফিফা প্রেসিডেন্টকে উপহারও দিলেন তিনি।
ইউডি/এ

