সাতক্ষীরায় ৬ বছর ৮ মাসে হাতে লেখা কোরআন শরিফের প্রদর্শনী

সাতক্ষীরায় ৬ বছর ৮ মাসে হাতে লেখা কোরআন শরিফের প্রদর্শনী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৯:৪৮

হাতে লেখা পবিত্র কোরআন শরিফের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরতলির মেহেদীবাগের ‘মসজিদে কুবায়’ গত শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রদর্শনী চলে রোববার সন্ধ্যা পর্যন্ত। আয়োজকদের দাবি, ‘এটি পৃথিবীর সবচেয়ে বড় হাতে লেখা কোরআন শরিফ।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘বিশ্বের সবচেয়ে বৃহৎ হাতে লেখা কোরআন শরিফের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হতে পেরে ভালো লাগছে।’

সাতক্ষীরার বাসিন্দা হাবিবুর রহমান একসময় শিক্ষকতা করলেও বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। তিনি নিজে কোরআন শরীফটি লিখেছেন।

প্রদর্শনীর আয়োজকেরা জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি কোরআন শরিফ হাতে লেখা শুরু করে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শেষ করেন। এ কোরআন শরিফের দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার এবং ওজন ৪০৫ কেজি। দীর্ঘ ছয় বছর আট মাস ২৩ দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতার কোরআন শরিফ হাতে লিখেছেন তিনি। লাল, নীল, সবুজ ও কালো রঙের চারটি কলাম শোভা বাড়িয়েছে। এতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন।

কেন তার এই প্রচেষ্টা এমন প্রশ্নের জবাবে হাবিবুর বলেন, ‘২০১৩ সালের দিকে আমি সাতক্ষীরা শহরের সমাজ সেবা অফিসে কম্পিউটার ইনস্ট্রাকটর হিসেবে কাজ শুরু করি। সে সময় সমাজের অসহায় অবহেলিত গরীব মানুষের দূরবস্থা দেখে তাদের পাশে থেকে চিকিৎসা সেবার জন্য কিছু একটা করার আগ্রহ জাগে। তখন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো যেটি বিশ্ব রেকর্ড করবে। সেই চিন্তা থেকেই মাথায় আসে বিশ্বের সবচেয়ে বড় কোরআন হাতে লেখার বুদ্ধি।’

তিনি আরও বলেন, ‘জীবনে কখনো মাদরাসায় যাইনি। ইউটিউব দেখেই আরবি ভাষা আয়ত্ব করেছি। আল্লাহর বাণীকে ভালোবেসে সেই বিদেশি ভাষাতেই নিজের হাতে লিখেছি আল কোরআন। শুধু লেখা নয় নিজ সাধনায় মুখস্ত করেছি কোরআনের দুইটি পারাও। এবার মানবতার জন্য কিছু করতে চাই।’

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক হাবিবুর রহমান, ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, মসজিদে কুবার ইমাম সাইফুর রহমান, মসজিদে কুবার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading