আওয়ামী লীগের সম্মেলনের জন্য তিন সদস্যের নির্বাচক কমিটি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২৬
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের জন্য তিন সদস্যের নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে। অন্য দুই সদস্য হলেন—সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছে। সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবে।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের ঐক্যের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্রোহীদের ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বিদ্রোহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষমা করার সিদ্ধান্ত হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, অনেকেই তো আবেদন করেনি, অনেকেই বিষয়টি জানে না, তাদের বিষয়টি কী হবে?
জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যারা আবেদন করেছে তাদের ক্ষমা করা হবে, যারা করেনি তাদের করা হবে না। তবে আগামীতে যারা ক্ষমা চেয়ে আবেদন করবে তাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হবে।
এ ছাড়া আওয়ামী লীগের কাউন্সিলে তিন কোটি ১৩ লাখ টাকা বাজেট ধরা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলে খরচ ৩০ লাখ টাকা কমানো হয়েছে। মোট বাজেট ধরা হয়েছে তিন কোটি ১৩ লাখ টাকা।
ইউডি/এ

