রাজনীতি-অর্থনীতিকে সরকার জিম্মি করে ফেলেছে : রব
উত্তরদক্ষিণ । সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০
সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি আ স ম আবদুর রব। বলেছেন, ‘নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র দিয়ে জমিদারতন্ত্র কায়েমের মাধ্যমে সমগ্র দেশের রাজনীতি ও অর্থনীতিকে সরকার জিম্মি করে ফেলেছে। গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকারের ন্যূনতম শর্ত পালন না করে অন্যায্য বল প্রয়োগের মাধ্যমে সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতকে উস্কে দিচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ।’
সোমবার (১৯ ডিসেম্বর) উত্তরার বাসভবনে জাসদের কাউন্সিল-উত্তর স্থায়ী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই অভিযোগ তুলেছেন বলে দলের দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রব বলেন, ‘গণমানুষের জন্য অংশীদারভিত্তিক গণশাসন প্রবর্তনে রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি এখন জাতীয় রাজনীতিতে প্রধান এজেন্ডা হিসেবে পরিগণিত হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে এবং রাজনৈতিক-অর্থনৈতিক সমতাভিত্তিক সমাজ নির্মাণে জাসদ ১০ দফা জাতির সামনে হাজির করেছে, যার বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।’
স্থায়ী কমিটির সভায় দেশের সর্বশেষ আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বাস্তবতার ওপর আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, তৌহিদ হোসেন, হীরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট কেএম জাবির, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এসএম আনসার উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।
সভায় ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তাজনিত প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বা ভূরাজনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ইউডি/এ

