‘স্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চ, সারাজীবন প্রস্তুতি’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:১৮
আনুষ্ঠানিকতা শেষ হলেও বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। তেমনি নোরা ফাতেহির জীবনেও তেমনই উজ্জ্বল হয়ে এসেছিল এবারের বিশ্বকাপ।
বিশ্বকাপের মঞ্চে প্রথম বলিউড তারকা হিসেবে ইতিহাস গড়েছেন নোরা। সমাপনী অনুষ্ঠানে ‘লাইট দ্য স্কাই’ গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানালেন, এই দিনটির জন্য সারাজীবন ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে নিজের পারফরম্যান্সের ছোট্ট একটি অংশ শেয়ার করেছেন তিনি।

সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি সারাজীবন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাইস্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চ…অবিশ্বাস্য! যারা আমায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামের মঞ্চে পারফর্ম করেন নোরা। সঙ্গী ছিলেন বাল্কিস, রাহমা রিয়াদ এবং মানাল।
জন্ম কানাডায় হলেও ইন্ডিয়ান নাগরিকত্ব রয়েছে নোরার। সবসময় বলেন, ‘মন থেকে আমি ইন্ডিয়ান।’
তাকে আমন্ত্রণ জানানোর জন্য ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোকে কৃতজ্ঞতাস্বরূপ একটি উপহারও দেন নোরা।

সবুজ ফিতা দিয়ে বাঁধা লাল টুকটুকে বাক্সে ছিল বিশেষভাবে নির্মিত এক জোড়া লাল রঙের স্পোর্টস শু।
ইউডি/এ

