প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি ফটোগ্রাফার অ্যান ডি হেনিংয়ের সাক্ষাত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৪২
১৬ ডিসেম্বর ৫১তম বিজয় দিবস উদযাপন করলো বাংলাদেশ। বিজয় দিবস থেকে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে বিশেষ এক চিত্র প্রদর্শনীর। ফরাসি ফটোগ্রাফার অ্যান ডি হেনিংয়ের তোলা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত দুর্লভ কিছু ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সামদানী আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
‘উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ শীর্ষক প্রদর্শনীটি চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ছবির গ্যালারি।

ফরাসি চিত্রগ্রাহক অ্যান ডি হেনিং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে অনেক ছবি তুলেছিলেন। পরে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে যান। সেসময় তিনি সাদাকালো ছবির পাশাপাশি কিছু রঙিন ছবিও তুলেছিলেন। সেই ছবিগুলো নিয়েই আয়োজন করা হয়েছে এই চিত্র প্রদর্শনীর।
এই প্রদর্শনীতে মোট ৩৫টি ছবি স্থান করে নিয়েছে।
ছবি তোলার ইতিহাস জানাতে গিয়ে হেনিং বলেন, ‘কলকাতা থেকে শুধু এই ইভেন্টের ছবি তোলার জন্য আমি সে সময় ঢাকায় আসি।’

আজ (২০ ডিসেম্বর) অ্যান ডি হেনিং নিজেও উপস্থিত থাকার কথা রয়েছে এ প্রদর্শনীতে। সেখানে কথা বলবেন দুর্লভ ছবিগুলো তোলার ইতিহাস নিয়ে।
বিখ্যাত এই ফটোগ্রাফার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাত করেছেন।
ইউডি/এ

