তিলোত্তমা নগরীর স্বপ্ন দেখিয়ে মোস্তাফা বললেন, ‘ভোট হবে একতরফা’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:২২
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা করছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সর্বশেষ মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর স্টেশন বাজার এলাকায় গণসংযোগের সময় তিনি এ প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, ‘২০১৭ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রায় এক লাখ ভোটে হারিয়েছি। আমার পক্ষে জনমানুষের ঢল ও উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বরের নির্বাচনটি একতরফা হতে যাচ্ছে। এ নির্বাচনে ভোটের ব্যবধানের নতুন রেকর্ড হবে ইনশা আল্লাহ।’
তিনি বলেন, ‘বিগত দিনের কর্মকাণ্ড ও দুঃসময়ে পাশে থাকার বিষয়গুলোকে মূল্যায়ন করে মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে তাদের ফেরানোর উপায় নেই। বানের পানির তোড়ে বালির বাঁধ টিকবে না।’

মোস্তফা বলেন, ‘স্টেশন এলাকার রাস্তাগুলো বেহাল ও জরাজীর্ণ ছিল। এ এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে কেউ কাজ করেনি। আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলোর উন্নতি হয়েছে। উন্নয়নের জন্যই আজকের এই গণসংযোগে এই এলাকায় এত মানুষের ঢল দেখা যাচ্ছে। এবারের ভোটে নির্বাচিত হলে নগরীকে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়া হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলমসহ অনেকে।
ইউডি/এ

