আরও এক এসপিকে বাধ্যতামূলক অবসর
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:০০
আরও এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার মো. মুনির হোসেনকে অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। মুনির হোসেন ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
এর আগে গত ১৬ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ছিলেন।
তারও আগে গত ১৮ অক্টোবর সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের এসপি (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এ ছাড়া গত ৩১ অক্টোবর ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। আর গত ২১ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসপি জিল্লুর রহমানকে।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।’
ইউডি/এ

