আমেরিকার পথে জেলেনস্কি
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০
প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে আমেরিকা যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (২১ ডিসেম্বর) এক টুইটে ইউক্রেন প্রেসিডেন্ট নিজে এ তথ্য জানিয়েছেন। সফরে আমেরিকার কংগ্রেসে তিনি ভাষণ দেবেন।
টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের স্থিতিস্থাপকতা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য আমি আমেরিকা যাচ্ছি।’
তিনি বলেন, ‘এই সফরে বাইডেন এবং আমি ইউক্রেন-আমেরিকার মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করব। আমি কংগ্রেসে একটি বক্তৃতা ও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করব।’
এর আগে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর কথা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটিতে রাশিয়ার হামলার জেরে তিনি এই পদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে আজ জেলেনস্কি আমেরিকা সফরে যাচ্ছেন।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর থেকে জেলেনস্কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।
ইউডি/এ

