ডাণ্ডাবেড়ি খুলে দিলে ভালো হতো : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:১৫
গাজীপুরের কালিয়াকৈরে হাতকড়া আর ডাণ্ডাবেড়ি নিয়ে বিএনপি নেতার মায়ের জানাজা পড়ার ঘটনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জানাজার সময় তার হাতকড়া-ডাণ্ডাবেড়ি খুলে দিলে ভালো হতো।’
বুধবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বার্ধক্যজনিত কারণে গত রোববার গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজমের মা সাহেরা বেগম মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে কালিয়াকৈরের পাবুরিয়াচালা এলাকায় জানাজায় উপস্থিত হন আলী আজম। এ সময় হাতকড়া আর ডাণ্ডাবেড়ি নিয়েই জানাজার নামাজ আদায় করেন তিনি।
এ ঘটনায় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিষয়টি চেক করেছি। আমি গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ডাণ্ডাবেড়ি বা হাতকড়া পড়ানো না পড়ানো হচ্ছে জেল প্রশাসনের কাজ। সেটি আবার পুলিশের অধীনে নয় এবং একজন আইজিপি প্রিজন আছেন সেই প্রশাসনের অধীনে।

‘আমাদের পুলিশের যে মহাপরিদর্শক, তাদের অধীনে নয়। ডাণ্ডাবেড়ি কিংবা হাতকড়া জেল প্রশাসনই পড়ায়। আমি বিষয়টি চেক করেছি, তাকে প্যারোলে কয়েক ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল।’
তিনি বলেন, ‘কয়েক দিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে। তাদের বিষয়ে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, সেটি করা হয়নি বিধায় তদন্তে উঠে এসেছে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এজন্য তারা (গাজীপুরে) অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন। আমি এসপি পর্যায়েও কথা বলেছি, তারা বিষয়টি জানতেন না। যারা বিএনপি নেতাকে কেরি (বহন) করে এনেছিল, শুধু তারাই জানতেন; অন্যরা কেউ জানতেন না। তবে আমি মনে করি যে জানাজার সময় তার ডাণ্ডাবেড়ি এবং হাতকড়া খুলে দিলে ভালো হতো।’
ইউডি/এ

