বিলাওয়ালের মাথার দাম দুই কোটি রুপি ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:০০
জাতিসংঘে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গুজরাটের কসাই’ বলে মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার এ মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছেন বিজেপি নেতারা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বিলাওয়ালের মাথার দাম দুই কোটি রুপি ঘোষণা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা মনুপাল বনসল। এ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আবার সরব হলেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বললেন, ‘সবকিছু সীমা ছাড়িয়ে গেছে।’
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ‘প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে খুনের জন্য মোটা অংকের অর্থ ঘোষণা করা হয়েছে। এতে সীমা অতিক্রম করা হয়েছে।’
সেই সঙ্গে মোদিকে ‘গুজরাটের কসাই’ মন্তব্যে অনড় রয়েছেন বিলাওয়াল। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক সত্য। আঁতে ঘা লাগায় সোচ্চার হয়েছে বিজেপি।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির দলের এক সদস্য আমার মাথার দাম দুই কোটি রুপি ঘোষণা করেছেন। মোদি ‘‘গুজরাটের কসাই’’ নন, তা প্রমাণ করতে এমন পদক্ষেপ নেয়া উচিত বলে আমি মনে করি না।’
পাকিস্তানে ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। জাতিসংঘে এ কথা বলেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। এরপরই ২০০২ সালে গুজরাটে দাঙ্গার প্রসঙ্গ টেনে মোদিকে আক্রমণ করেন বিলাওয়াল।
তিনি বলেন, ‘ইন্ডিয়া বলতে চায়, লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি হলেন মোদি। আমেরিকায় প্রবেশে তার নিষেধাজ্ঞা ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর নিষেধাজ্ঞা ওঠে। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মন্ত্রী। আরএসএস কী? হিটলারের নাৎসি বাহিনী থেকে প্রেরণা পায় তারা।’
ইউডি/এ

