প্রথমবারের মতো মিয়ানমার নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৩৯
মিয়ানমার নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রথমবারের মতো একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে মিয়ানমারে সহিংসতা বন্ধ এবং দেশটির রাজনৈতিক নেত্রী অং সান সু চিসহ সব রাজবন্দির মুক্তির আহ্বান জানানো হয়।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) সকালে প্রস্তাবটি গৃহীত হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে গত ৭৪ বছরের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রথম মিয়ানমারের পরিস্থিতি নিয়ে কোনো প্রস্তাব গৃহীত হলো।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকেই মিয়ানমার সংকটে রয়েছে। ওই সময় সুচিসহ তার সরকারের শীর্ষ কর্মকর্তাদের আটক করে এবং গণতন্ত্রপন্থি আন্দোলনকারী ও ভিন্ন মতাবলম্বীদের কঠোরভাবে দমন করে সেনাবাহিনী।
প্রস্তাবটি ব্রিটেন উত্থাপন করে। প্রস্তাবের ওপর ভোটাভুটির পর জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘আজকে আমরা মিয়ানমারের সেনাবাহিনীকে একটি কঠোর বার্তা দিয়েছি যে তাদের আর সন্দেহ থাকা উচিত নয়। আমরা আশা করছি এই প্রস্তাব পুরোপুরি প্রয়োগ করা হবে।’
১৫ সদস্যের কাউন্সিলকে উডওয়ার্ড বলেছেন, ‘আমরা মিয়ানমারের জনগণকেও এই বার্তা দিচ্ছি যে আমরা তাদের অধিকার, ইচ্ছা ও স্বার্থের উন্নয়ন চাচ্ছি।’
প্রস্তাবটির পক্ষে ১২টি দেশ ভোট দিয়েছে। প্রস্তাবের বিপক্ষে কোনো সদস্য ভোট দেয়নি বা নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্য ভেটো দেয়নি।
মিয়ানমারের সংকট কীভাবে মোকাবিলা হবে তা নিয়ে জাতিসংঘের মতপার্থক্য দীর্ঘদিনের। কারণ, দেশটির দুই ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া ও চীন যেকোনো কঠোর পদক্ষেপের বিরোধিতা করে আসছে।
বুধবারের ভোটাভুটিতেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল, আর তাদের সঙ্গে এবার ভোটদানে বিরত ছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ইন্ডিয়াও।
ইউডি/এ

