ইন্ডিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র : খাদ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:২৭
ইন্ডিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার বহুমাত্রিক অবদানের কথা অনন্য ইতিহাসের অংশ। মহান মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞতা।’ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাজশাহীর স্থানীয় একটি হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইন্ডিয়ার সহকারী হাইকমিশনার মনোজ কুমার এই অনুষ্ঠানের আয়োজন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি ওষুধ, খাদ্য দিয়ে সহায়তা করেছে ইন্ডিয়া। সেবার মাধ্যমে বুকভরা ভালবাসা দিয়ে ইন্ডিয়ার মানুষ যে ঋণের জালে আবদ্ধ করেছে, সে ভালোবাসা কোনো দিন বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না। সেই বন্ধুত্ব আর আস্থার জায়গা আরও শক্তিশালী করতে উভয় দেশই কাজ করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে।’
সাধন চন্দ্র মজুমদার এ সময় দুই দেশের মধ্যে ভিসা সংক্রান্ত জটিলতা দূর করে উভয় দেশের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সংস্কৃতির বিনিময় ও বাণিজ্য ভারসাম্য আনার আহবান জানান।
অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার মনোজ কুমার তার বক্তব্যে বলেন, ‘প্রতিটি ভালো কাজে ইন্ডিয়া বাংলাদেশকে সঙ্গে রাখে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশি দেশের সঙ্গে থেকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে ইন্ডিয়ার জনগণ। দুই দেশের মানুষের ভাষা ও সংস্কৃতির মিল রয়েছে, যা দুই দেশের সম্পর্ককে করেছে মজবুত ও শক্তিশালী।’
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবিকা শাহিন আক্তার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী বক্তব্য রাখেন। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউডি/এ

