পরের সম্মেলনে বড় পরিবর্তন হবে, এবার নয়: ওবায়দুল কাদের

পরের সম্মেলনে বড় পরিবর্তন হবে, এবার নয়: ওবায়দুল কাদের
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৭:১৯

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। আগামী নির্বাচনে সামনে থেকে কারা দলের নেতৃত্ব দেবেন, তা ঠিক হবে এই সম্মেলনের মধ্য দিয়ে। তাই আসন্ন এ সম্মেলন ঘিরে চলছে নানামুখী সমীকরণ। পুরোনোরাই থাকবেন দায়িত্বে নাকি কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাবেন নতুনরা, এ নিয়ে গুজব-গুঞ্জন বাড়ছে প্রতিদিন।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, ‘এবারের সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।’

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শনের পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তী কাউন্সিলে (২৩তম) হয়তো বড় ধরনের রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের ওপর সব নির্ভর করবে। আমি আগাম কিছু বলতে চাই না।’

সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি পদে শেখ হাসিনা অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই।’

যদিও সাধারণ সম্পাদক পদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলনকে চ্যালেঞ্জিং বলে অভিহিত করে কাদের বলেন, ‘সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

সম্মেলনস্থল পরিদর্শনের সময় কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের মধ্য দিয়ে দলটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading