আবারও ক্ষমতায় ফিরেছেন নেতানিয়াহু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:০০
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির এই প্রবীণ নেতা।
গত ১ নভেম্বরের নির্বাচনে আল্ট্রা-অর্থোডক্স ইহুদিগোষ্ঠী (উগ্রপন্থি) এবং চরম-ডানপন্থি ব্লকের সমর্থনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যান্ডেট অর্জন করেন।
এই নির্বাচনি ফলাফল ইসরায়েলে চলতে থাকা রাজনৈতিক জটিলতার যুগের অবসান ঘটাতে যাচ্ছে। এর আগে চার বছরের কম সময়ের মধ্যে পাঁচ বার নির্বাচন হয়েছিল। ২০২১ সালে তাকে ক্ষমতাচ্যুত করে ভিন্ন মতাদর্শের জোট ক্ষমতায় আসে।
নেতানিয়াহু এমন এক নেতা, যিনি আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়েছেন। এরই মধ্যে ইসরায়েলের ইতিহাসে যে কারোর চেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তিনি নতুন সরকার প্রতিষ্ঠার বিষয়টি জানিয়েছেন।
বিবৃতিটি নিশ্চিত করেছে যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও চরম ডানপন্থি ব্লকের অংশীদারিত্বে সরকার গঠন করা হয়েছে।
তবে নতুন সরকার কবে নাগাদ শপথ নেবেন তা এখনও স্পষ্ট নয়। ৭৩ বছর বয়সী নেতানিয়াহু হারজগকে বলেছেন, তিনি তাড়াতাড়ি সম্ভব, এটি করতে চান।
ইউডি/এ

