বিশ্বকাপ জয়: ফুটবলের নতুন রাজা মেসি
তানজিলা মাহমুদা । শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ । আপডেট ০৮:৩০
বিশ্বকাপ ট্রফি লিওনেল মেসির হাতে উঠুক, এটা ছিল অধিকাংশ ফুটবলপ্রেমিকের প্রত্যাশা ও প্রার্থনা। এর নানা কারণ ছিল। মেসি বিশ্বের সেরা ফুটবলার। সর্বকালের সেরা কিনা, সেটাও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সবাই একমত, তার স্থান পেলে ও ম্যারাডোনার পাশেই। বিশ্বফুটবলের এমন কোনো অর্জন নেই, যা তার ঝুলিতে নেই। বাকি ছিল বিশ্বকাপ ট্রফি। এবারের কাতার বিশ্বাকাপে সেটাও তার হাতের মুঠোয় এলো। মেসি এর আগে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ট্রফির দেখা পাননি। পঞ্চম বারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে তিনি সব সময় চেয়েছেন, এবার যেন আর্জেন্টিনা শিরোপা জেতে। জেতার পর এখন আর কোনো অপূর্ণতা মেসির নেই। ফুটবলের নতুন রাজা লিওনেল মেসি।
এবারের বিশ্বকাপের ফাইনাল খেলাটি দর্শকস্মৃতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটকে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়। ফুটবলও যে কখনো কখনো সে রকম হয়ে ওঠে, কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে রোববার রাতে সেটা প্রত্যক্ষ করা গেছে। অনিশ্চয়তা ও নাটকীয়তায় ভরপুর ছিল গত বারের শিরোপাজয়ী ফ্রান্স ও মেসির আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি। স্টেডিয়ামের প্রায় ৮৯ লাখ প্রত্যক্ষ দর্শক এবং টেলিভিশনের কোটি কোটি দর্শক টাইব্রেকার শেষ হওয়া পর্যন্ত দোলাচলে দুলেছে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা, যদিও আর্জেন্টিনা এগিয়েছিল শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ে সমতা হয় ৩-৩ গোলে। টাইব্রেকারে প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বখ্যাত কিলিয়ান এম্বাপ্পে, আর্জেন্টিনার পক্ষে মেসি গোল করে সমতা আনেন। এরপরই শুরু হয় ফ্রান্সের দুর্দিন। কোমানের করা দ্বিতীয় শটটি ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলি লিয়ানো মার্তিনেজ। চুয়ামেনির তৃতীয় শটটি বাইরে চলে যায়। কোলো মুয়ানির চতুর্থ শটে গোল হলেও কোনো লাভ হয় না। মেসির পর তিনটি শটেই গোল করেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। ফলে পঞ্চম শটের আর প্রয়োজন হয়নি। অনেকের মতে, ভাগ্যের আনুকূল্য পেয়েছে আর্জেন্টিনা। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু মাঠের খেলার মূল্যায়নেও দেখা গেছে, দুই দলের মধ্যে আর্জেন্টিনাই ছিল সেরা। খেলার পুরো সময়ের অন্তত ৬০ শতাংশে প্রাধান্য ছিল আর্জেন্টিনার।
সেদিক থেকে যোগ্যতম দেশ হিসেবেই আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জিতেছে। তার এই মহাবিজয়ের মহানায়ক অবশ্যই লিওনেল মেসি। মেসি নিজে খেলেছেন, খেলিয়েছেন, নিজে গোল করেছেন, অন্যদের দিয়ে গোল করিয়েছেন। তিনি সামনে থেকে টিমের নেতৃত্ব দিয়েছেন, সতীর্থদের অনুপ্রেরণা যুগিয়েছেন। মেসি একজন আদর্শ দলনেতা। সদাহাস্যময়, বিনয়ী, শালীন, সৌজন্যপ্রবণ, সুশৃঙ্খল এবং ক্রীড়াকৌশল ও নেতৃত্বদানের ক্ষেত্রে তিনি সেরাদের সেরা।
লেখক: কলামিস্ট।
ইউডি/আতা/কেএস

