ইউক্রেন ইস্যুতে সমঝোতা করতে প্রস্তুত রাশিয়া: পুতিন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:১২
‘ইউক্রেন যুদ্ধে জড়িত সব পক্ষের সঙ্গে সমঝোতায় বসতে মস্কো প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা তা প্রত্যাখ্যান করছে।’
রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ‘রসিয়া ওয়ান চ্যানেলকে’ দেওয়ার এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেন।
পুতিন বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি, ইউক্রেনের জড়িত সবপক্ষের সঙ্গে সমঝোতা করতে আমরা প্রস্তুত। এখন বল তাদের কোর্টে। আমরা কখনও আলোচনার বিরোধী নই।’ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ‘গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমঝোতার জন্য আমরা প্রস্তুত। কিন্তু এটা তাদের ওপর নির্ভর করছে। সমঝোতার বিষয়টি আমরা নাকচ করছি না, তারা করছে।’
রাশিয়া ঠিক পথে এগোচ্ছে মন্তব্য করে পুতিন বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য লড়াই করছি, আমাদের নাগরিকদের ও জনগণের স্বার্থের সুরক্ষায় লড়ছি। জনগণকে রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাইছে উল্লেখ করেন পুতিন বলেন, ‘আমাদের ভূরাজনৈতিক প্রতিপক্ষগুলোর নীতির কেন্দ্রে রয়েছে রাশিয়াকে বিচ্ছিন্ন করা। তারা সব সময় আমাদের বিভক্ত ও শাসন করতে চেয়েছে। আমাদের লক্ষ্য ভিন্ন–রাশিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করা।’
আমেরিকা ইউক্রেনকে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে, সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
জানিয়েছেন, তিনি শতভাগ আত্মবিশ্বাসী যে তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে পারবে। যে প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউডি/এ

