বিএনপি ফের সংবিধান বানচাল করতে চায় : ওয়ার্কার্স পার্টি
উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২১:০০
‘আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপি ‘‘রাষ্ট্র মেরামতের’’ যে রূপরেখা প্রণয়ন করেছে, তা আদতে ফের সংবিধান বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা৷ তারা বলেছেন, ‘বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা কার্যত রাষ্ট্রকে অবৈধ পঞ্চম সংশোধনীকালে ফিরিয়ে নেওয়ার প্রয়াসমাত্র। এ কারণেই তারা এই সরকারের আমলে গৃহীত সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অযৌক্তিক বলে অভিহিত করেছে।’
গত ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী সভা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ কথা বলা হয়। দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সমালোচনায় ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, বস্তুত তাদের নেতা জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে অসাম্প্রদায়িক ভিত্তিভূমি থেকে সরিয়ে নেওয়ার প্রয়াসে বাহাত্তরের সংবিধানকে বানচাল করার পদক্ষেপ নিয়েছিলেন। তারই পুনরাবৃত্তি বিএনপি এখন ঘটাতে চায়। তাদের ‘রেইনবো ন্যাশন’ ও ‘ন্যাশনাল কনসিলিয়েশনের’ ধারণাও একই উদ্দেশ্যপ্রণোদিত।
প্রস্তাবে বলা হয়, কোভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার থেকে উত্তরণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি ১০ দফা, ২৭ দফার মধ্যে কোনো কথা নেই। রাষ্ট্রের মেরামত নয়, বরং ধ্বংসসাধনের কথাই তারা উচ্চারণ করে চলেছে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের ওপর স্যাংশন আরোপের জন্য বিদেশি শক্তিগুলোর সঙ্গে দেনদরবার চালিয়ে যেতেও তারা দ্বিধা করছে না।
ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক প্রস্তাবে বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকান রাষ্ট্রদূতের অপতৎপরতার নিন্দা জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, বাংলাদেশকে আমেরিকা এশিয়া-প্যাসিফিক কৌশলসহ কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য চাপ সৃষ্টির উদ্দেশ্যে এই অপতৎপরতা চালান হচ্ছে এবং বিএনপি তাদের এ দেশীয় দোসর হিসেবে কাজ করছে।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকে রাশিয়া ও আমেরিকার ‘ছায়াযুদ্ধ’ হিসেবে অভিহিত করে বলা হয়, এর ফলে পৃথিবীতে যে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে তার শিকার হচ্ছে তৃতীয় বিশ্বের মানুষ।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে অবিলম্বে এই যুদ্ধ বন্ধে পৃথিবীর শান্তিকামী দেশ ও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ইউডি/ এ

