রসিক নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচার, মাঠে থাকবে বিজিবি

রসিক নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচার, মাঠে থাকবে বিজিবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ২০:৩০

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি মাঠে থাকবে ১১ প্লাটুন বিজিবি। এর মধ্যে প্রতি সংরক্ষিত একটি ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। একই সঙ্গে প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে বলেও জানা গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসার সমন্বয়ে প্রতিটি সাধারণ ওয়ার্ডে একটি মোবাইল ফোর্স থাকবে। এছাড়া প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি স্ট্রাইকিং ফোর্স এবং প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের টিম থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটকেন্দ্রের বাইরে র‌্যাব/পুলিশের টিম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

এদিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে চার জন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই/এএসআই ও ৩ জন কনস্টেবল), দুইজন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ও ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (৪ জন মহিলা ও ৬ জন পুরুষ) মোতায়েন থাকবে। এছাড়াও ৩৩টি সাধারণ ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৬ জন দায়িত্ব পালন করবেন।

এবারে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল থেকে সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে।

শেষ মুহূর্তের প্রচারণায় উৎসবের আমেজ

দুদিন পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন। আজ রোববার রাত ১২টার আগে শেষ হচ্ছে প্রচার। তাই নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাইতে। মেয়র, কাউন্সিলর সবাই নেমেছেন প্রচারে। শেষ মুহূর্তে রংপুর নগরীতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

বেলা ১২টার দিকে ভোটের প্রচারে নামেন রংপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর পুষ্টি গলি, জীবন বিমা মোড়, রণচণ্ডী জুম্মা পাড়া, মুচির মোড়, হাঁড়ি পট্টি, জাহাজ কোম্পানিসহ একাধিক জায়গায় গণসংযোগ করেন তিনি।

এ সময় মোস্তফা বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। রংপুরে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবেন। লাঙল প্রতীক জয়ী হলে রংপুরের উন্নয়ন অব্যাহত থাকবে।’

অপর দিকে নগরীর কুকরুল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রচারে নেমে তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে ষোলো আনা নিশ্চিত। জনগণ বিপুল উদ্দীপনায় ২৭ তারিখে ভোট দিতে প্রস্তুত।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading