সিটি করপোরেশন ও জেলায় সেরা করদাতা ৫২৫ জন
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:৩০
কর প্রদানে উৎসাহিত করতে ২০২১-২২ করবর্ষে জাতীয় পর্যায়ের পর সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে ৫২৫ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১১টি সিটি করপোরেশনে ৭৭ জন ও ৬৪ জেলায় ৪৪৮ জনকে সেরা করদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সম্প্রতি সেরা করদাতাদের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে দুজনকে দীর্ঘ সময় ও তিনজনকে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে এবং একজনকে নারী ও তরুণ ক্যাটাগরিতে সেরা নির্বাচন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে ৫২৫ জন সেরা করদাতার হাতে সম্মাননা তুলে দেবে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, প্রতিটি সিটি করপোরেশন এলাকায় সাতজন ও প্রতিটি জেলায় সাতজন করদাতাকে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে কার্ড প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ২০২১-২২ করবর্ষে দীর্ঘ সময় কর প্রদানকারী দুজন, সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন, সর্বোচ্চ কর প্রদানকারী নারী একজন ও একজন তরুণ পুরুষ করদাতা।
ঢাকা সিটি করপোরেশনে দীর্ঘ সময়ের করদাতা হয়েছেন মালিবাগ চৌধুরীপাড়ার মোহাম্মদ আবদুল কুদ্দুস ও কেরানীগঞ্জের শুভাঢ্যার আবদুল হান্নান। সর্বোচ্চ করদাতা বসুন্ধরা আবাসিক এলাকার এসএম মাহবুবুল আলম, বাংলামোটরের চিত্ত মজুমদার এবং শহীদ তাজউদ্দীন আহমদ সরণির আব্দুল মুক্তাদির। সর্বোচ্চ নারী করদাতা গুলশানের মিতুলী মাহবুব এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা বাদামতলীর আবদুর রব।
চট্টগ্রাম সিটি করপোরেশনে দীর্ঘ সময়ের করদাতা হয়েছেন ফজলুল হক ও মৃদুল বড়ুয়া চৌধুরী। সর্বোচ্চ করদাতা আলী হোসাইন আকবর আলী, মোহাম্মদ নাদের খান ও আবু মোহাম্মদ। সর্বোচ্চ নারী করদাতা শামীম হাসান এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মোহাম্মদ মুমিনুল হক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দীর্ঘ সময়ের করদাতা সুখদেব ঘোষ ও আফজাল হোসেন। সর্বোচ্চ করদাতা মুসা আহমেদ, কবির আহমেদ ও রতন কুমার সাহা। সর্বোচ্চ নারী করদাতা নূরজাহান আহমেদ এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা তমাল রায়।
গাজীপুর সিটি করপোরেশনে দীর্ঘ সময়ের করদাতা রজত শুভ্র পাল ও মো. খাইরুল বাসার। সর্বোচ্চ করদাতা মোহাম্মাদ নকীব উদ্দিন, মনির হোসেন নিজামী ও মাহতাবউদ্দিন সরকার। সর্বোচ্চ নারী করদাতা ফারজানা নেহা এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা জিয়ারত হোসেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনে দীর্ঘ সময়ের করদাতা কেআর ইসলাম ও মো. মাহাবুব হোসেন। সর্বোচ্চ করদাতা মাহবুবুল আলম, খন্দকার মাহবুব আলম ও ফজলুল হক। সর্বোচ্চ নারী করদাতা জাকিয়া সুলতানা এবং ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা মো. লিটন।
ইউডি/ এ

