ইভিএম জটিলতায় রংপুরে কিছু কেন্দ্রে দেরিতে ভোটগ্রহণ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১০:১০
কারিগরি ত্রুটির কারণে ইভিএম জটিলতায় রংপুর সিটিতে কিছু কেন্দ্রে দেরিতে শুরু হয় ভোটগ্রহণ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়।
এদিকে ইভিএম জটিলতায় প্রথম দফা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। যা নিয়ে শঙ্কা প্রকাশ করেন লাঙল প্রতীকের মেয়র প্রার্থী।
রসিক নির্বাচনে মেয়রপদে লড়ছেন ৯ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সবগুলো কেন্দ্র থাকছে সিসিটিভির আওতায়। যেকোনো মূল্যে এই ভোট অবাধ ও নিরপেক্ষ করতে চায় কমিশন। ২২৯টি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারসহ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য।
এদিকে সিটি নির্বাচন উপলক্ষে রংপুরে নির্বাচনী এলাকায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রসিক নির্বাচনে মোট ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নেয়া হচ্ছে ভোট।
সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে রংপুরে। নগরজুড়ে এখন তাই ভোটের আমেজ।
ইউডি/এ

