রসিক নির্বাচন: অব্যবস্থাপনা নিয়ে মোস্তফার ক্ষোভ

রসিক নির্বাচন: অব্যবস্থাপনা নিয়ে মোস্তফার ক্ষোভ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:৩৫

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর ২১নং ওয়ার্ডের আলমনগর কলেজ রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বলেছেন, ‘আমরা আগেই আশঙ্কা করছিলাম এই ইভিএম নিয়ে। অবশেষে সেটাই সত্য হলো। ভোট দিতে গিয়ে ইভিএম বিকল হয়ে পড়ে। এ কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি।

‘বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। পরে তারা টেকনিশিয়ান ডেকে মেরামতের কথা জানিয়েছেন। আমি একজন প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না, যা খুবই দুঃখজনক’, বলেন মোস্তফা।

তবে ওই ঘটনার ৩০ মিনিট পর ইভিএম মেরামত হলে নিজের ভোট দেন জাতীয় পার্টির এই মেয়রপ্রার্থী। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে এই ভোট।

রংপুরে ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণে বসানো হয়েছে এক হাজার ৮০৭টি সিসি ক্যামেরা। এগুলোর মাধ্যমে নির্বাচন কমিশনসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটগ্রহন মনিটরিং করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading