দাম বেঁধে দেওয়া দেশের কাছে তেল বেচবে না রাশিয়া
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১২:০৫
জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে পশ্চিমাদের বেঁধে দেওয়া সর্বোচ্চ দাম যেসব দেশ মানবে, তাদের কাছে তেল বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করেছেন। খবর আলজাজিরার।
সম্প্রতি তেলের ব্যারেলপ্রতি সর্বোচ্চ দাম ৬০ ডলার বেঁধে দেওয়ার বিষয়ে একমত হয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া। এ সিদ্ধান্ত গত ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিক্রি জারি করলেন পুতিন।
রাশিয়ার এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এর মাধ্যমে ওই নির্দিষ্ট দেশগুলোর কাছে অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে মস্কো।
মূলত রাশিয়া যাতে তৃতীয় কোনো দেশের কাছে উচ্চমূল্যে তেল বিক্রির মাধ্যমে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটাতে না পারে, সে জন্যই পশ্চিমা বিশ্ব তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে।
আরও একটি উদ্দেশ্য হলো, বিশ্ববাজারে রাশিয়ার তেলের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মুনাফা সীমিত রাখা।
ইউডি/এ

