রসিক নির্বাচন: জামানত হারালেন আওয়ামী লীগ প্রার্থী ডালিয়া
উত্তরদক্ষিণ । বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:৪৫
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সাত মেয়র প্রার্থী জামানত হারিয়েছেন। দ্বিতীয়বারের মতো রসিক মেয়র পদে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা।
সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল) এক লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন।
ডালিয়াকে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো। অর্থাৎ তাকে অন্তত ৩৪ হাজার ৩৯৩ ভোট পেতে হতো। কিন্তু তিনি পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেনের স্বাক্ষর করা ভোটার তালিকা থেকে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ৯৩৬।
এর আগে রসিক নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৯২।
রসিক নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন।
জামানত হারানো বাকিরা হলেন- বাংলাদেশর কংগ্রেসের আবু রায়হান- ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম- পাঁচ হাজার ৮০৯ ভোট, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল- দুই হাজার ৮৬৪ ভোট, স্বতন্ত্র মেহেদী হাসান- দুই হাজার ৬৭৯ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান- ৩৩ হাজার ৮৮৩ ভোট ও জাসদের শফিয়ার রহমান- পাঁচ হাজার ১৫৬ ভোট।
ইউডি/এ

