গোপনে শুরু, গোপনেই শেষ মম-শিহাবের সংসার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:০০
২০১৫ সালের দিকে গুঞ্জন ছড়ায় বিয়ে করেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। সে সময় বিয়ের কথা দুজনের কেউই স্বীকার করেননি। ২০১৯ সালের ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে জানান তাদের বিয়ের খবরটি।
নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন।
সেই বিয়ের খবর প্রকাশ্যে আসার এক বছর পরই বিচ্ছেদ হয়ে যায় মম-শিহাবের। এ বিচ্ছেদের ব্যাপারটিও ছিল গোপন। শোবিজে নানা গুঞ্জন ছড়ালেও কেউই তারা এ নিয়ে মুখ খোলেননি।

অবশেষে অভিনেত্রী মম গণমাধ্যমে স্বীকার করলেন শিহাব শাহীনের সঙ্গে ডিভোর্স হয়েছে তার।
মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। আমার ভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

অবশ্য নির্মাতা শিহাব শাহীন এই সময়ে হঠাৎ তার ব্যক্তিগত বিষয়ে খবর প্রকাশ হওয়ায় খানিক বিরক্ত।
তার দাবি, ক্যারিয়ারের ক্ষতি করতেই কেউ হয়তো এসব খবর ছড়াচ্ছে। তিনি গণমাধ্যমে বলেন, ‘কিছুদিন আগে আমার নির্মাণে মায়াশালিক রিলিজ হয়েছে। আমার কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।
’এদিকে শোনা যাচ্ছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন শিহাব শাহীন। তবে এ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
এইডি/এ

