দুই-তিন বছরের মধ্যে ইরানে হামলা চালাবে ইসরায়েল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৪:২০
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বুধবার (২৮ ডিসেম্বর) বিমান বাহিনীর নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় ইরানে হামলা নিয়ে সম্ভাব্য সময়রেখা ভিত্তিক এই স্পষ্ট মন্তব্য করেছেন।
তিনি গ্রাজুয়েটদেরকে বলেন, ‘দুই বা তিন বছরের মধ্যে, আপনি পূর্ব দিকে আকাশ অতিক্রম করতে পারেন এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণে অংশ নিতে পারেন।’
গত এক দশক ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে আসলেও সরাসরি কোনো ধরণের হামলা চালায়নি ইসরায়েল। তবে ইরানের পরমাণুকেন্দ্রে সাইবার হামলা থেকে শুরু করে কয়েকটি নাশকতামূলক দুর্ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত সন্দেহ করা হয়।

২০১৫ সালে ইরানের সঙ্গে করা ছয় বিশ্ব শক্তির পরমাণু বিষয়ক চুক্তি থেকে আমেরিকা একতরফা বেরিয়ে আসার পর তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে। ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক প্রযুক্তি বেসামরিক ব্যবহারের জন্য। তবে ইসরায়েল বলছে, ইরানের লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি।
এই মাসেই ইসরায়েলের সামরিক গোয়েন্দা জেনারেলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি সরবরাহযোগ্য পারমাণবিক ওয়্যারহেড তৈরি করতে ইরানের কয়েকবছর লাগতে পারে।

ইসরায়েল বরাবরই ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজেরা পরমাণু অস্ত্রবিরোধী চুক্তিতে সাক্ষর করেনি। বলা হয়ে থাকে ইসরায়েলের কাছেই ১০০টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে।
তবে ইসরায়েল, পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও কখনও অস্বীকার করেনি।
এইডি/এ

