ক্ষমতা হস্তান্তর না করেই বলসোনারো আমেরিকায়
উত্তরদক্ষিণ । শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৩:৪৫
ক্ষমতা হস্তান্তর না করেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। যাওয়ার আগে বিদায়ী ভাষণে বলেছেন, ‘তিনি লড়াইয়ে হেরেছেন, যুদ্ধে নয়’। খবর আল জাজিরার।
গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে কট্টর ডানপন্থি নেতা বলসোনারোকে হারান সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুলা ডা সিলভা। দুই দফার নির্বাচনে ২০ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।
ব্রাজিলের ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন বলসোনারো। তবে নির্বাচনের এই ফলাফল কখনোই মেনে নেননি তিনি। ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেও সে বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি ডানপন্থি এ নেতা।
নির্বাচনে হারার পর খুব কমই মুখ খুলেছেন বলসোনারো। তিনি আগেই বলেছিলেন, আগামী ১ জানুয়ারি ব্রাজিলের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসারে লুলার হাতে প্রেসিডেন্সিয়াল স্যাশ হস্তান্তর করবেন না।
দেশছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট। এতে নিজের শাসনামলে উল্লেখযোগ্য বিভিন্ন কাজের বর্ণনা এবং লুলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অনুসারীদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন তিনি।
এর আগে, নির্বাচনে হেরে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর ফলাফল চ্যালেঞ্জ করেন জেইর বলসোনারো। গত ২২ নভেম্বর তিনি ঘোষণা দেন, নির্বাচনের এই ফলাফল মানবেন না। তার অভিযোগ, ইভিএম বা ভোটগ্রহণের মেশিনে সমস্যা ছিল। এ কারণে ফলাফল বাতিল করে ফের নির্বাচনের আয়োজন করতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ৭৭ বছর বয়সী লুলা। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট। অর্থাৎ দুই শতাংশেরও কম ভোটের ব্যবধানে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট।
ইউডি/এ

