পরাশক্তির ভাগবাটোয়ারার লড়াই: নতুন বছরেও অশান্তির ছায়া
উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪০
ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেল আরও একটি বছর। ২০২২ সাল নানা কারণে ছিল ঘটনাবহুল। বিগত বছরে ক্ষমতার লড়াইয়ে ও নিজেদের আধিপত্য বিস্তারে মানুষও দেখিয়েছে তার হিংস্রতা। দিন দিন অশান্ত হয়ে উঠছে পৃথিবী। এই ঘটনাবহুল বছরটিতে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ঘটনার রেশ ২০২৩-এও বিশ্বকে টানতে হবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। যুদ্ধবিদ্ধস্ত ২০২৩ এর ভবিষ্যৎ প্রভাব নিয়েই কিফায়েত সুস্মিত’র প্রতিবেদন–
রাশিয়া-ইউক্রেন নিয়ে সংকটের শেষ কোথায়: ফেব্রুয়ারি ২৪, ২০২২। ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সীমান্ত পেরিয়ে বাঁধভাঙা জলের মতো ঢুকে পড়ে রুশ ফৌজ। দুই প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুইয়েছে মস্কো। ডনবাস অঞ্চলে চলছে জোর লড়াই। এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এ ধারণা ভুল প্রমাণ করে বছরের শেষ পর্যন্ত চলে এই যুদ্ধ। বছরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার হুমকি দেন। বিশ্ব অর্থনীতি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এ যুদ্ধ শুরু হয়। পশ্চিমা মিত্রদের দেওয়া অস্ত্র সহায়তার ওপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয় সেনারা। এখন পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধক্ষেত্রে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। তবে পুরো বিশ্বেই এর প্রভাব পড়েছে। কারণ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হয়ে আঘাত করেছে ইউরোপকে। মহাদেশটিতে জ্বালানির মূল্য রেকর্ড ছাড়িয়েছে। ইউক্রেন খাদ্য রপ্তানি করতে না পারায় বিশ্ববাজারে বেড়েছে খাদ্যের দাম। নতুন বছরের শুরুর দিকেই এ সংকট অবসান হওয়ার সম্ভাবনা নেই।

হিজাব খুলে প্রতিবাদ বিদ্রোহের আগুনে ইরান: ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনির। ওই তরুণী নাকি ঠিকমতো হিজাব পরেননি। এটাই নাকি ছিল তার অপরাধ। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। স্বৈরশাসকের বিরোধিতায় ইটালির বুকে তৈরি হওয়া ‘বেলা চাও’ গানটি গেয়ে ইরানের রাস্তায় প্রতিবাদ জানায় আরব দুনিয়ার মেয়েরা। হিজাব বিরোধী সেই আন্দোলনে শামিল পুরুষদের একাংশও। বেকায়দায় পড়লেও কিন্তু অবস্থান বদলে নারাজ ইরানের সরকার। তেহরানের দাবি, এই বিক্ষোভের পিছনে হাত রয়েছে আমেরিকার। প্রতিবাদ দমনে নির্বিচারে বিক্ষোভকারীদের উপর গুলিবোমা চালানো হচ্ছে। দেওয়া হচ্ছে ফাঁসির সাজা। অভিযোগ এসবই হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লা আলি খামেনেই-এর নির্দেশে।
ইরানে হিজাব খুলে ওড়ানোর কাজটি গতবছর প্রথম করেছিলেন সাংবাদিক মিসাহ আলিনেজাদ। তিনি এখন কারাগারে। কিন্তু কারাগারে যাওয়ার আগেই নিজের হিজার ওড়ানোর দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন তিনি। ফলে তিনি নিজে কারাগারে থাকলেও ওই ভিডিও এখন ভাইরাল। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইরান সরকার।

তাইওয়ানের ওপর চীনের নজর: ২০২২ সালের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া। বিষয়টি শেষ পর্যন্ত যুদ্ধেও গড়াতে পারে। ডেকে আনতে পারে আরেকটি বিশ্বযুদ্ধ। তাই আগামী কয়েক দশকের জন্য সবচেয়ে মৌলিক কৌশলগত কাজটি হতে চলেছে চীনকে সামরিক পদক্ষেপ নেয়া থেকে প্রতিরোধ করা। চলতি বছর আগস্টে স্বশাসিত দ্বীপ তাইওয়ান সফর করেন আমেরিকার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। চীনের ক্রমাগত হুমকি উপেক্ষা করে এ সফরে ক্ষিপ্ত হয় বেইজিং। ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গে পুরো স্বশাসিত দ্বীপটি ঘিরে সামরিক মহড়া পরিচালনা করে বেইজিং। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়া যা করেছে, তার পরিপ্রেক্ষিতে তাইওয়ানে কোনো ধরনের পদক্ষেপ নেয়া থেকে চীনকে কীভাবে নিবৃত্ত করা যায় তা পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সরকারগুলোর মূল সমস্যা হয়ে ওঠেছে। এর বাইরেও ২০২২ সালে আরও অনেক ঘটনা ঘটেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, কপ-২৭, কপ-১৫ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কারণে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকটসহ নানা সমস্যা। তবে এগুলোর মধ্যে প্রতিবেদনে তুলে ধরা বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, যা ২০২৩ সাল জুড়ে নতুন নতুন আলোচনার জন্ম দিতে পারে।
ইউডি/আতা/কেএস

