আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
উত্তর কোরিয়া আরেকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে পিয়ংইয়ংয়ের রিয়ংসোং এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর কোরিয়া হ্যারাল্ডের।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে পিয়ংইয়ংয়ের রিয়ংসোং এলাকা থেকে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে সেটি ৪০০ কিলোমিটার ভ্রমণ করে পূর্ব সমুদ্রে পড়ে।
এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়া নিজেদের নির্মিত স্পেস রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে। এর জবাবে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। এ ছাড়া একই দিন সকালে তিনটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।
এদিকে উত্তর কোরিয়ার ঘোষণা অনুযায়ী, নমুনা পরীক্ষা হিসেবে শনিবার সকালে ও দিবাগত রাতে দেশটি ‘সুপার-লার্জ’ ক্যালিবার আর্টিলারি শেল নিক্ষেপ করেছে।
উত্তরের এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘বড় ধরনের উসকানি’ হিসেবে অবহিত করে নিন্দা জানিয়েছে জেসিএস। তারা বলছে, এটি শুধু কোরীয় উপদ্বীপেই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতারও ক্ষতি করবে।
ইউডি/এ

