আওয়ামী লীগের উদ্দেশে নজরুল ইসলাম, ‘ক্ষমতা কি মানুষকে এত অন্ধ করে’
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করলে আন্দোলনে জয়ী হওয়া যায় না, ক্ষমতায় যাওয়া যায় না। তারা (আওয়ামী লীগ) জানে এটা। জানার পরেও তারা একই ভুল করছে। ক্ষমতা কি মানুষকে এতই অন্ধ করে!’
সোমবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কাকে ধোঁকা দিতে চাই, যে জনগণ আমাদের এত বিশ্বাস করে, আশায় বুক বাঁধে। তাদের সঙ্গে প্রতারণা করার মতো এই বড় পাপ, এত বড় অপরাধ বোধহয় আর কিছু নাই। আমাদের সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা আছে। কিন্তু আমরা মুক্তবাজার অর্থনীতি চর্চা করছি।’
তিনি বলেন, ‘এখন স্মার্ট বাংলাদেশ করা হবে শুনেছি। যে দেশে দুর্ভিক্ষ দেখেছি, অনাচার দেখেছি, অব্যবস্থাপনা দেখেছি। শেষ পর্যন্ত সে দেশে গণতন্ত্রহীনতা দেখছি। একদলীয় শাসন ব্যবস্থা দেখেছি। এগুলোর কোনোটাই সোনার মতো মূল্যবান না।’

আজকে বাংলাদেশের মানুষ জেগে গেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমাদের এত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। মাত্র তিন মাসের মধ্যে আমাদের ১২-১৩ জন মানুষকে হত্যা করা হয়েছে। তারপরও আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সফল হয়েছে। প্রত্যেকটা আন্দোলনে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি শেখ জুলফিকার বুলবুল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শরিক দলের নেতারা।
ইউডি/এ

