স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২ জানুয়ারি) পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ঢাকার দুই নগরপিতা। এ সময় তার শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান তারা।
শোকবার্তায় উত্তর সিটির মেয়র আতিকুল বলেন, ‘স্থপতি মোবাশ্বের হোসেন দেশের স্থাপত্য শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন জাতির গর্বিত সন্তান। তিনি তার মেধা ও মনন দিয়ে স্থাপত্য শিল্প সমৃদ্ধ করেছেন। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন অনিয়মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। নগরীর মাঠ, পার্ক ও খাল অবৈধ দখল থেকে উদ্ধার করতে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিককে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শোকবার্তায় বলেন, ‘সুপরিকল্পিত নগরায়নে বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থপতি মোবাশ্বের হোসেন অনবদ্য ভূমিকা রেখেছেন।’
শোকবার্তায় তিনি বলেন, ‘স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থাপত্য শিল্পের পথিকৃৎ ছিলেন। তিনি অভিভাবকের মতো স্থপতিদের সব সময় সকল ঝড়-ঝঞ্ঝা থেকে আগলে রাখতেন। তিনি আমাদের জাতীয় সম্পদ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। নিজ কর্মের মাঝে তিনি আমাদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন।’
রোববার (০১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।
ইউডি/এ

