২০২৩ সালে কবে কবে মিলবে ৩ দিনের ছুটি

২০২৩ সালে কবে কবে মিলবে ৩ দিনের ছুটি

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

কর্মময় জীবনে ছুটি পেলে তা বিশেষ মনে হয়। তা যদি একদিনের বেশি হয় তাহলে ভালো লাগার কমতি নেই। চাকরিজীবী মানুষরা বছরের শুরুতেই ছুটির পঞ্জিকায় চোখ বোলান। দেখেন কখন একটু বেশি ছুটি রয়েছে। টানা দুই-তিন দিন ছুটি পেলেই সাজাতে থাকেন নানা পরিকল্পনা।

টানা ছুটিতে বিয়ের অনুষ্ঠান, আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া কিংবা যান্ত্রিক শহরের বাইরে দূরে কোথাও থেকে জীবনকে মুক্ত আবহাওয়াও রাঙানোর নানা পরিকল্পনা থাকে আমাদের। এবার তাহলে একনজরে ২০২৩ সালের বড় ছুটির দিনগুলো দেখে নেয়া যাক—

২৪-২৬ মার্চ : মার্চের ২৪, ২৫ ও ২৬ তারিখ ছুটি রয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, যা রোববার পড়েছে এই বছর। আগের দুদিন পড়েছে শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটিসহ মোট তিন দিন হচ্ছে ছুটি।

ঈদুল ফিতর : পবিত্র ঈদুল ফিতর ২২ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। দিনটি শনিবার। এর আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। সবমিলে মোট ছুটি তিন দিন হচ্ছে। এই ছুটি নির্ভর করছে আরবি বর্ষের শাওয়াল মাসের চাঁদ ওঠার ওপর।

৪-৬ মে : মে মাসের ৪ তারিখ বুদ্ধ পূর্ণিমা। দিনটি বৃহস্পতিবার, সরকারি ছুটি। পরের দুদিন শুক্র ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। তাই মে মাসের প্রথম সপ্তাহেই থাকছে টানা তিন দিনের ছুটি।

ঈদুল আজহা : পবিত্র ঈদুল আজহা আগামী ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা। ঈদের আগের ও পরের দিনসহ মোট ছুটি ৩ দিন।

২৮-৩০ সেপ্টেম্বর : ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ২৮ সেপ্টেম্বর। দিনটি বৃহস্পতিবার পড়েছে। পরের দুদিন সরকারি সাপ্তাহিক ছুটি। তাই মোট ছুটি হচ্ছে ৩ দিন। আরবি বর্ষ চাঁদ দেখার ওপর নির্ভর করায় এই ছুটি পরিবর্তনও হতে পারে।

ধর্মীয় ঐচ্ছিক ছুটি : সরকারি ছুটির নির্দেশনা অনুযায়ী, একজন কর্মচারী তার ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারেন। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এই ঐচ্ছিক ছুটি ভোগের অনুমতি দেয়া যেতে পারে।

২৬-২৮ জানুয়ারি : ২৬ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। দিনটি বৃহস্পতিবার পড়েছে। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এই উৎসবে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা।

৩-৫ ফেব্রুয়ারি : ৫ ফেব্রুয়ারি বৌদ্ধ সম্প্রদায়ের মাঘী পূর্ণিমা। দিনটি রোববার হওয়ায় টানা তিন দিন ছুটি হচ্ছে। কারণ আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে উৎসবটি চান্দ্র তিথির ওপর নির্ভরশীল হওয়ায় পরিবর্তন হতে পারে এই ছুটি।

১৭-১৯ ফেব্রুয়ারি : ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ। দিনটি রোববার। আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে এখানেও টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে। শবে মেরাজ চাঁদ ওঠার ওপর নির্ভর করে বলে পরিবর্তন হতে পারে এই ছুটি।

১৭-১৯ মার্চ : ১৯ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসের ছুটি। দিনটি রোববার। আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

৬-৯ এপ্রিল : ৬ এপ্রিল খ্রিস্টধর্মাবলম্বীদের পুণ্য। দিনটি বৃহস্পতিবার। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। টানা তিন দিন ছুটিতেই শেষ নয়। ৯ এপ্রিল ইস্টার সানডে, দিনটি রোববার। তাই এখানে টানা ৪ দিন ছুটি পাচ্ছেন খ্রিস্টধর্মাবলম্বীরা।

১৩-১৫ এপ্রিল : ১৩ এপ্রিল বৃহস্পতিবার চৈত্রসংক্রান্তির ছুটি। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মোট ছুটি হচ্ছে তিন দিন।

২৮-৩০ সেপ্টেম্বর : ২৮ সেপ্টেম্বর বৌদ্ধধর্মাবলম্বীদের পবিত্র মধু পূর্ণিমা হতে পারে। দিনটি বৃহস্পতিবার। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মোট তিন দিন ছুটি হচ্ছে। মধু পূর্ণিমা চাঁদ দেখার ওপর নির্ভর হওয়ায় এই ছুটি পরিবর্তন হতে পারে।

২০-২৩ অক্টোবর : ২২ ও ২৩ অক্টোবর হচ্ছে রবি ও সোমবার। এই দুদিন বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটি। দুদিন ছুটির আগে সাপ্তাহিক দুদিন ছুটি রয়েছে। শুক্র ও শনিবারে ছুটি মিলিয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ৪ দিন।

১০-১২ নভেম্বর : ১২ নভেম্বর শ্যামা পূজার ছুটি। দিনটি রোববার পড়েছে এবং আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি থাকছে।

২২-২৬ ডিসেম্বর : ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে। খ্রিস্টধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব। দিনটি সোমবার। আগের দিন ২৪ ডিসেম্বর রোববার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বড়দিনের আগে ও পরের দিন ঐচ্ছিক ছুটি নিলে ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন ছুটি পেতে পারেন খ্রিস্টধর্মাবলম্বীরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading