আজ মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
গত বুধবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বৃহস্পতিবার থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।
প্রতি সপ্তাহে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সে হিসেবে আজ (৩ জানুয়ারি) মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। তবে পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।’
গত সপ্তাহে মেট্রোরেল চলাচল শুরু করার পর ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা, ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।
অন্যদিকে পাঁচদিনে চার হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে, প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। এ খাতে আয় হয়েছে ২৪ লাখ দুই হাজার টাকা। দুই খাত মিলে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে।
ইউডি/এ

