দুদকের চাকরিচ্যুত শরীফের আপিল শুনানি ৯ ফেব্রুয়ারি

দুদকের চাকরিচ্যুত শরীফের আপিল শুনানি ৯ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

দুদকের উপসহকারী পরিচালকের পদ থেকে শরীফ উদ্দিন চৌধুরীকে অপসারণের বিরুদ্ধে করা রিটের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ মঙ্গলবার (৩ জানুয়ারি) এ দিন ধার্য করেন।

আদালত একই সঙ্গে আপিল আবেদনকারী শরীফ উদ্দিন চৌধুরীর রিটের পক্ষে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে লিখিত যুক্তিতর্ক জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতে এদিন শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দিন দোলন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের জুনে শরীফ উদ্দিনের রিটের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। গত বছরের ১৬ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন শরীফ উদ্দিনের আইনজীবী মো. সালাউদ্দিন দোলন। ওই দিন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘শরীফ লিভ টু আপিল করেছেন। তার আবেদনের কপি আমরা পেয়েছি।’

গত বছরের ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুত করা হয় শরীফ উদ্দিনকে। তখন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা-২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading