স্থপতি মোবাশ্বের হোসেনের মরদেহ দান করা হবে বিএসএমএমইউতে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।
তার চাচাতো ভাই মোসাদ্দেক আহমেদ বলেন, ‘৫৩ বছর আগে গ্রামে প্রতিষ্ঠিত বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকের বেতনের ৫০ ভাগ বহন করতেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করে তিনি স্কুলের সামনের একটি ডোবা ভরাট করে মেয়েদের খেলার মাঠ করে দিয়েছেন।’
স্থানীয়রা জানান, দেশবরেণ্য এই স্থপতি নীরবে-নিভৃতে গ্রামের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। ১৯৬৯ সালে তার পূর্বপুরুষ গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। স্থপতি মোবাশ্বের হোসেন তার গ্রামে নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, গ্রামীণ ব্যাংক, বাজার ও খেলার মাঠ করেছেন।
পরিবারের সূত্র জানায়, জানাজা শেষে তার মরদেহ ঢাকার উদ্দেশে নেওয়া হয়েছে। স্থপতির শেষ ইচ্ছা অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ দান করা হবে।
গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বের হোসেন মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
১৯৪৩ সালে জন্ম নেওয়া মোবাশ্বের হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা এই স্থপতি দেশের বেশ কয়েকটি আলোচিত স্থাপনার কাজ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম রেলস্টেশন, প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন।

মোবাশ্বের হোসেন ছিলেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি এবং সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে।
স্থপতি মোবাশ্বের হোসেন তার জীবনে কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আমেরিকান স্থপতি ইনস্টিটিউট (এআইএ) প্রেসিডেন্ট পদক ২০০৯ উল্লেখযোগ্য।
ইউডি/এ

