গাইবান্ধায় বন্ধ হওয়া উপ-নির্বাচনে ইভিএমে চলছে ভোটগ্রহণ
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
ব্যাপক অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনের প্রতিটি কেন্দ্র ও কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয় ইভিএমসহ নির্বাচনী সব সরঞ্জাম। ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (০৪ জানুয়ারি) সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। তবে ঘন কুয়াশা ও শীতের কারণে প্রতিটি কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি একেবারে কম দেখা গেছে।
ফুলছড়ি ও সাঘাটা এ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে, গত ১২ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ ভোট বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি)। অনিয়মের সঙ্গে ১১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেয় ইসি।
পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্তে ৪ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশনার।
ইউডি/এ

