আল হিলালে যোগ দিচ্ছেন মেসি?
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর চুক্তি স্বাক্ষর হতেই সক্রিয় হয়েছে দেশটির আরেক ফুটবল ক্লাব আল হিলাল।
আল নাসেরের প্রধান প্রতিপক্ষ বলে পরিচিত এই আল হিলাল কি লিওনেল মেসিকে সই করাবে?
এই গুঞ্জন এখন সর্বত্র থাকলেও বিষয়টি নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি আল হিলালের কোনও কর্মকর্তা।
ইয়াহু নিউজ জানিয়েছে, গুঞ্জন তৈরি হওয়ার কারণ ওই ক্লাবের নিজস্ব শোরুম। সেখানে পাওয়া যায় ক্লাবের নামাঙ্কিত বিভিন্ন স্মারক। সেই দোকানে সমর্থকদের জন্য বিক্রি হচ্ছে বিশেষ জার্সি।
১০ নম্বর সেই জার্সিতে লেখা রয়েছে মেসির নাম। ক্লাবের সমর্থকদের মধ্যে দারুণ জনপ্রিয়ও হয়েছে মেসির নাম লেখা জার্সি। অনেকেই ক্লাবের শোরুম থেকে কিনে নিয়ে যাচ্ছেন মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি।
রোনালদো চুক্তিবদ্ধ হওয়ায় আল নাসরের শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রধান প্রতিপক্ষকে আল হিলাল সহজে ছেড়ে দেবে বলে মনে করছেন না তারা।
সৌদি আরবের ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, নিশ্চিতভাবেই আল হিলাল কর্মকর্তাদের কোনও পরিকল্পনা রয়েছে। তারাও বিশ্ব ফুটবলের কোনও বড় নামকে সই করাবেন।
তা হলে মেসির নাম লেখা জার্সি কি শুধুই চমক? প্রতিপক্ষ ক্লাবের থেকে প্রচার কেড়ে নিতেই কি এই পরিকল্পনা আল হিলালের? উঠছে নানা প্রশ্ন।
ক্লাব কর্তৃপক্ষ মুখ না খোলায় গুঞ্জন আরও বাড়ছে। আল হিলাল সূত্রে শুধু জানা গিয়েছে, তারা চুপ করে বসে নেই। পর্তুগিজ তারকাকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের।
স্পেনের ঘরোয়া ফুটবলে মেসি-রোনালদো দ্বৈরথ দেখেছেন ফুটবলপ্রেমীরা। এ বার কি রিয়াদেও দেখা যাবে বিশ্বের দুই সেরা ফুটবলারের লড়াই।
ইউডি/এ

