‘দায়িত্ব পেলে’ বিপিএলকে বদলে ফেলার প্রতিশ্রুতি সাকিবের
উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে এবার দেখা গেল ভিন্ন দায়িত্বে। গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে এক দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পান সাকিব। সেই দায়িত্ব নিয়ে বুধবার (০৪ জানুয়ারি) সাকিব গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। যেখানে উঠে আসে বিপিএল প্রসঙ্গও। বিপিএলের দায়িত্ব পেলে সাকিব কী করতেন সেটিও জানান উপস্থিত সাংবাদিকদের।
শুক্রবার (০৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএল। বিপিএলের সিইও হলে কী ভূমিকা রাখতেন, এমন প্রশ্নের জবাবে সাকিব জানান- এক কিংবা দুই মাসের মধ্যেই বিপিএলের সবকিছু পরিবর্তন করতেন তিনি।
সাকিব বলেন, ‘আমাকে যদি বিপিএলের সিইও এর দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে সবকিছু ঠিক করতে। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’
সাকিব মজা করে আরও বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন না এক দিনে অনেক কিছু করা সম্ভব- যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।’
দায়িত্ব পেলে কী কী পরিবর্তন আনতেন সাকিব সেটিও জানান তিনি।
বলেন, ‘এই মৌসুমের সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে ড্রাফট হবে, অকশন হবে। ফ্রি টাইমে বিপিএল হবে, সকল অত্যাধুনিক প্রযুক্তি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে এবং হোম এন্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’
ইউডি/এ

