ইউরোপের ক্লাব ছাড়লেন রোনালদো: কেমন হবে মরু অভিযান

ইউরোপের ক্লাব ছাড়লেন রোনালদো: কেমন হবে মরু অভিযান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:২৫

দীর্ঘ ইউরোপযাত্রা শেষে সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার তার অভিযান শুরু করতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে। সর্বকালের সেরা পারিশ্রমিকে তাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল-নাসের। আর এশিয়ায় নতুন এই পরিবেশে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সিআরসেভেনও। রোনালদোর আল নাসেরে যোগদান ও ক্লাবটির আদ্যোপান্ত নিয়ে সিফাত আবদুল্লাহ’র প্রতিবেদন

এশিয়ার ফুটবলে নতুন হাওয়া: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস মাতানো পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এখন থেকে মাঠ মাতাবেন এশিয়ায়। তার এশিয়ায় আগম এ অঞ্চলের ফুটবলকে আরও শক্তিশালী করবে, মর্যাদা বাড়াবে বলছেন বিশ্লেষকরা। ইউরোপীয় ফুটবল ছেড়ে দুই বছরের চুক্তিতে সিআরসেভেন যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। উচ্ছ্বসিত আল নাসেরের ক্লাবকর্তারাও তাকে ‘বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সৌদি আরবের এই ক্লাব রোনালদোর পঞ্চম ক্লাব। সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে রোনালদোকে নিয়ে কম আলোচনা হয়নি, পুর্তগিজ দলের সেরা একাদশেও জায়গা হারিয়েছিলেন তিনি, যার নেপথ্যে ছিলো কোচের সঙ্গে বাগকিতøতা। অনেকেই রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখেছিলেন তখন, কিন্তু এশিয়ায় এসে নতুন এক শুরুর বার্তাই যে দিয়ে রাখলেন সিআরসেভেন।

দিনে আয় সাড়ে ৬ কোটি টাকা: ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতনে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর ১৭৩ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনে (বাংলাদেশি ২ হাজার ১৫৯ কোটি টাকা) রোনালদোর সঙ্গে চুক্তি হয় আল-নাসরের। আল নাসেরে রোনালদোর আয় হবে প্রতিবছর ২,১৫৯.০৭ কোটি টাকা (১৭৩ মিলিয়ন পাউন্ড)। যদি মাসের হিসেব বিবেচনা করা হয় তবে দাঁড়াবে ১৭৯.৭১ কোটি টাকা (১৪.৪ মিলিয়ন পাউন্ড)। এই হিসেবে তার সাপ্তাহিক আয় ৪৪.৯২ কোটি টাকা (৩.৬ মিলিয়ন পাউন্ড)। দৈনিক হিসেবে দাঁড়াচ্ছে ৬.৪১ কোটি টাকা (৫১৪ হাজার পাউন্ড) ঘণ্টার হিসেবে ২৬.৭ লাখ টাকা (২১,৪০০ পাউন্ড)।

আলোচনায় আল নাসের ক্লাব: বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত আল নাসের। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ক্লাবটির নাম ছড়িয়ে পড়েছে। আল নাসের প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। ১৮ দলের সৌদি পেশাদার লিগে (এসএফএল) খেলে রিয়াদভিত্তিক এই ক্লাবটি। সৌদি লিগের দ্বিতীয় সফলতম ক্লাব আল নাসের। তারা লিগ শিরোপা জিতেছে ৯ বার। সবশেষ ২০১৮-১৯ মৌসুমে শিরোপা জেতে তারা। ক্লাবটির বর্তমান চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এক নতুন ঐতিহাসিক মুহূর্ত। রোনালদো নিজে বিশ্বের সব খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করছি তার উপস্থিতিতে আল-নাসের সাফল্য পাবে। আল নাসের ক্লাবের বর্তমান কোচ রুদি গার্সিয়া। এর আগে লিল, এএস রোমা, অলিম্পিক মার্শেই, অলিম্পিক লিঁওর কোচ হিসেবে কাজ করেছেন ৫৮ বছর বয়সী ফরাসি এই কোচ। এর আগে এই ক্লাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো। আল নাসেরে বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড় রয়েছেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকার। কাতার বিশ্বকাপে যিনি সার্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন। এছাড়াও কলম্বিয়ার অভিজ্ঞ গোলকিপার দাভিদ ওসপিনা এবং একসময় ব্রাজিল জাতীয় দল ও বায়ার্ন মিউনিখে খেলা মিডফিল্ডার লুইস গুস্তাভো আছেন এই দলে।

এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। ১৯৯৫ সালে রানার্সআপ হওয়াই তাদের সেরা সাফল্য। সৌদি ক্লাবগুলো এই আসর জিতেছে ৬ বার। এর মধ্যে আল হিলাল জিতেছে চারটি, আল ইতিহাদ দুটি। আল নাসেরের ঘরের মাঠ মারসুল পার্কের ধারণক্ষমতা ২৫ হাজার।

বিশ্ব ফুটবলের উন্নতি চান সিআরসেভেন: সিআরসেভেন নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইউরোপে তার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছেন তিনি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার। রোনালদো আরও জানান, ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, সৌদি প্রো লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, মানুষ কী বলে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি জানি, এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

দৈনিক উত্তরদক্ষিণ । ০৫ জানুয়ারি ২০২৩ । প্রথম পৃষ্ঠা

আজই নামতে পারেন মাঠের লড়াইয়ে: আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) আল তাঈয়ির বিপক্ষে ম্যাচ আছে আল নাসরের। এ প্রসঙ্গে রোনালদোর বার্তা কোচ চাইলে তিনি এদিন মাঠে নামতেও প্রস্তুত আছেন। রোনালদোকে পেয়ে আল নাসের ক্লাব ভাসছে উচ্ছ্বাসে। গোটা সৌদি ফুটবলে নতুন জোয়ার। বেড়েছে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু। রোনালদোর ৭ নম্বর জার্সি কেনার হিড়িক লেগেছে রিয়াদসহ বিভিন্ন শহরে। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আবদুল আজিজ বিন তুর্কি বলেছেন, রোনালদোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এবার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading