রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অগ্রযাত্রাকে শ্লথ করেছে: রাষ্ট্রপতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অগ্রযাত্রাকে শ্লথ করেছে: রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি আমরা। ২০২২ সাল আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর ছিল। সমগ্র বিশ্বই পার করছে এ কঠিন সময়।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

রাষ্ট্রপতি বলেন, আমরা করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সক্ষম হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের এ অগ্রযাত্রাকে শ্লথ করেছে। তারপরও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১৪ শতাংশ বেড়ে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

রাষ্ট্রপতি বলেন, ২০২১-২২ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক দুই-পাঁচ শতাংশে দাঁড়িয়েছে, যা সামগ্রিক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক। মাথাপিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থবছর থেকে ২৩৩ আমেরিকান ডলার বৃদ্ধি পেয়ে দুই হাজার আটশ চব্বিশ ডলারে দাঁড়িয়েছে। পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রফতানি আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক নয় সাত বিলিয়ন ডলার এবং বৈদেশিক বিনিয়োগের পরিমাণ তিন দশমিক চার-চার বিলিয়ন ডলার।

তিনি বলেন, করোনার অভিঘাত মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের ফলে আমাদের অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সরকার ঘোষিত এক লাখ ৮৭ হাজার ৬৭৯ কোটি টাকার কৃষি, গার্মেন্টসসহ ২৮টি প্রণোদনা প্যাকেজের সরাসরি উপকারভোগী প্রায় সাত কোটি ৩২ লাখ ব্যক্তি ও প্রায় দুই লাখ প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, সরকার কর্তৃক কৃষি উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিগত অর্থবছরে মোট ১৫ হাজার ১৭২ দশমিক সাত-নয় কোটি টাকা ভর্তুকি এবং ৩৯ হাজার কোটি টাকা সরল সুদে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে ৫০০ কোটি টাকার বীজ, সার এবং কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। তারা হলেন রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪)। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর রাষ্ট্রপতির ভাষণের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।

এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading