কাচের ঘরে বাস করে ঢিল মারা বন্ধ করুন : গয়েশ্বর

কাচের ঘরে বাস করে ঢিল মারা বন্ধ করুন : গয়েশ্বর

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘এই সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করেছে। আর এখন তারেক রহমানের প্রতি তাদের রাগ। কারণ তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এই গণজাগরণে সরকার এখন আতঙ্কিত।’

গয়েশ্বর আরও বলেন, ‘কাচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন। না হলে ভবিষ্যতে দিশা পাবেন না কোথায় যাবেন? আজকে চাকরির ভয় দেখিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছেন। আন্দোলনের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে সরকারকে পতন ঘটাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সবাই শরিক হবেন।’

শনিবার (০৭ জানুয়ারি) সকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির লিটন মাহমুদ, আ ন ম সাইফুল ইসলাম, যুবদলের গোলাম মাওলা শাহিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনির হোসেন চেয়ারম্যানসহ ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারেক রহমানের কোনো অস্থাবর সম্পত্তি নেই। মূলত ওয়ান ইলেভেনে শেখ হাসিনা দেশে বিরাজনীতিকরণের রাজনীতি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই মিথ্যাচার।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading