গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় সকালে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
শনিবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম (৩৫), মোছা. জোসনা বেগম (২৫), মোছা. সাদিয়া আক্তার (১৯), মোছা. হোসনে আরা হোসনা (২০) ও মরিয়ম (২)।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান জানান, মনজুরুল ইসলাম পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে পরিবারের পাঁচজন দগ্ধ হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ধামরাই থেকে সকালের দিকে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে মনজুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী জোসনা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানান তিনি।
ইউডি/এ

