মানুষের পাশে আছি: আইজিপি
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫
রাজধানীতে শীতে কাতর অসহায় দরিদ্রের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, তারা মানুষের পাশে আছেন।
শনিবার (০৭ জানুয়ারি) রাজধানীর বনানী মডেল স্কুল মাঠ ও পান্থকুঞ্জ পার্কে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় আইজিপি বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতার্থ হব।
করোনাভাইরাস মহামারীর বিপর্যকর পরিস্থিতেও পুলিশ নিজেদের জীবন উৎসর্গ করে মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান পুলিশ প্রধান।
বলেন, ‘আমরা অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, কেউ মারা গেলে দাফন ও সৎকারের ব্যবস্থা করা হয়েছে। করোনা মহামারীর সময় দায়িত্ব পালনকালে ১০৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। তবুও আমরা জনগণকে সেবা দেওয়া থেকে পিছপা হইনি। জনগণের পাশে থেকেছি।’
আইজিপি বলেন, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। আমরাও মানুষের পাশে আছি।
শীতবস্ত্র বিতরণকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ডিআইজি এস এম মোশতাক আহমেদ খান, গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/এ

