২৬ জানুয়ারি থেকে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
আগামী ২৬ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনের ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড.দীপু মনি।
বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী মোস্তাফা জব্বার এ মেলার আয়োজন সম্পর্কে জানান, মেলায় এবার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ।’ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের পর স্মার্ট বাংলাদেশের দিকে যে যাত্রা তার জন্য প্রয়োজন প্রযুক্তির গতিশীল ও মসৃণ মহাসড়ক। সে বিষয়টি বিবেচনায় রেখেই এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের মেলায় আটটি সেমিনার অনুষ্ঠিত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ‘স্মার্ট সিটিজেন’ তৈরিকে প্রাধান্য দিয়েই সেমিনারের বিষয়বস্তগুলো নির্ধারণ করা হচ্ছে। এর পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অন্যান্য ক্ষেত্রে যে ধরনের উদ্ভাবন ও প্রস্তুতি দরকার, সে বিষয়গুলোও সেমিনারের বিষয়বস্তুতে আসবে।
তিনি বলেন, ফাইভজি প্রযুক্তি কীভাবে মানুষের জীবনযাত্রা আমূল বদলে দিয়ে স্মার্ট দুনিয়ায় নিয়ে যাবে সে বিষয়টিও সবিস্তারে উঠে আসবে। এ ছাড়া এবারের মেলায় প্রথবারের মতো ডাক ও টেলিযোগাযোগ পদক দেওয়া হবে।
ইউডি/এ

