ঘুম না আসা পর্যন্ত সঙ্গ দিও : মাহিয়া মাহি
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০
জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে ‘নেত্রী’ হিসেবেই আলোচনায়। কয়েক দিন আগেই ক্ষমতাসীন দল থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন। প্রার্থী হতে না পারলেও দলের হয়ে কাজ করছেন তিনি। আপাতত রাজনীতি নিয়েই ব্যস্ত এই নায়িকা।
রাজনীতির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রী। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাঝে মাঝেই নিজের অনুভূতি তুলে ধরেন। এতে অবশ্য শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সংযোগ থাকে নায়িকার।

শনিবার (০৭ জানুয়ারি) ফেসবুকে অভিমানমাখা এক ভালোবাসার পোস্ট দিয়েছেন মাহি। তিনি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’
তিনি আরও লেখেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’
ইউডি/এ

