বিএনপি অহেতুক খেলায় নেমেছে: কামরুল ইসলাম
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আপনারা (বিএনপি) অহেতুক খেলায় নেমেছেন। এই খেলায় কোনোদিন সফলতা পাবেন না। ‘‘নির্বাচন হতে দেবো না’’— এই ঔদত্যপূর্ণ বক্তব্য, ফ্যাসিস্ট কায়দার বক্তব্য পরিহার করুন। আপনারা ২০১৪ সালেও এই ধরনের স্লোগান দিয়েছেন। কিন্তু নির্বাচন বানচাল করতে পারেননি, নির্বাচন ঠেকাতে পারেননি।’
রোববার (০৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।
কামরুল ইসলাম বলেন, ‘দেশে আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অন্যান্য দলও প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা কিছু খুচরো পার্টি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘যথা সময়ে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। কোনও অবস্থাতেই নির্বাচনের একদিন আগেও শেখ হাসিনা ও সরকার পদত্যাগ করবে না। পূর্ণমেয়াদ অতিবাহিত করবে এই সরকার। তাই আন্দোলন করে কোনও লাভ হবে না।’
বিএনপি দেশের সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা নির্বাচন মানে না, সংবিধান মানে না, বিচার ব্যবস্থা মানে না। তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। যেই তত্ত্বাবধায়ক সরকার আজকে সংবিধানে নেই। এটা সংবিধানে সংযোজন করার আর কোনও সুযোগও নেই।’
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ করিম খানের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি নিজাম উদ্দিন তালুকদার, আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট সেতু প্রমুখ।
ইউডি/এ

