সৌদির আইন ভাঙতে চলেছেন রোনালদো
উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
রেকর্ড অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত এ ক্লাবের সঙ্গেই যুক্ত থাকবেন সিআর সেভেন। তাই স্বভাবতই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের নিয়ে সৌদিতেই থাকবেন রোনালদো।
কিন্তু এরই মধ্যে রোনালদো ভাঙতে চলেছেন সৌদি আরবের আইন। বহুদিন ধরেই একসঙ্গে থাকলেও জর্জিনার সঙ্গে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হননি রোনালদো।
কিন্তু সৌদির আইন বলে, অবিবাহিত নারী ও পুরুষ একসঙ্গে এক ছাদের নিচে থাকতে পারেন না।
রোনালদো এবং জর্জিনা সেই আইন ভাঙতে চলেছেন। তবে তাদের আইন ভাঙার জন্য কোনো সাজা ভোগ করতে হবে না বলেই খবর।
সৌদি আরবের রিয়াদে ৯০ হাজার সমর্থকের সামনে আল নাসরের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন রোনালদো। তবে ক্লাবে যোগ দিলেও দুটি ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। জানুয়ারির শেষ সপ্তাহের ম্যাচে আল নাসরের হয়ে অভিষেক ঘটাতে পারবেন রোনালদো।
দেড় বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনালদো। কিন্তু সেখানে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল তার। পাশাপাশি ম্যানচেস্টার কোচের সঙ্গেও মনোমালিন্য হয়েছিল।
কাতার বিশ্বকাপের আগে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ ও মালিকদের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এরপর বিশ্বকাপেও পর্তুগালের হয়ে ভালো খেলতে পারেননি।
এমনকি দুটি ম্যাচে তাকে প্রথম একাদশেই রাখেননি কোচ। বিশ্বকাপ শেষে ক্লাববিহীন অবস্থায় ছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই আল নাসরের সঙ্গে চুক্তির গুঞ্জন তৈরি হয়েছিল।
তবে প্রথমে নাকি তিনি ইউরোপের ক্লাবেই খেলতে চেয়েছিলেন। কিন্তু মৌসুমের মাঝামাঝি কোনো ক্লাব নিতে চায়নি তাকে। পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদে সম্প্রতি দেখা গিয়েছিল তাকে।
যদিও বিশ্বকাপের পর কোনো দলের খেলোয়াড় না হয়েই ফ্রি এজেন্ট হিসেবে বসে ছিলেন তিনি। অবশেষে রেকর্ড অর্থে এশিয়ার আল নাসর ক্লাবে সই করেছেন।
এদিকে রোনালদোর চুক্তিতে এমন একটি শর্ত রয়েছে, যাতে নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়, তাহলে রোনালদো চ্যাম্পিয়নস লিগে খেলবেন একই মালিকানার ওই ইংলিশ দলের হয়ে।
ইউডি/এ

