দুই দফা দাবিতে এবি পার্টির পদযাত্রা
উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র মেরামতের দাবিতে পদযাত্রা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি প্রেসক্লাব থেকে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে এবি পার্টির উদ্যোগে প্রেসক্লাবের সামনে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আজ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বন্ধুরা বলেন, এত উন্নয়ন হয় তবু কেন আপনারা বিরোধিতা করেন? আমার প্রশ্ন, এত উন্নয়ন হয়, তবু কেন আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার প্রসঙ্গে মঞ্জু বলেন, ‘এগুলো একটা লক্ষণ। এগুলো একটা সতর্কবার্তা। এগুলো থেকে শিক্ষা নিন। ক্ষমতার মসনদে অবৈধভাবে যদি কেউ বসে, তাকে আন্দোলন দিয়ে ফেলতে হয় না। একদিন নিজে নিজেই এই মসনদ ভেঙে পড়বে।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে মঞ্চ ভেঙে পড়েছে, আমাদের আন্দোলন লাগবে না, আপনারা এই ক্ষমতার অন্ধ মোহে ভেঙে পড়বেন।’
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আলতাফ হোসেন, শাহ আব্দুল রহমান, আনোয়ার ফরুক, গাজী নাসির, সেলিম খান, সুলতানা রাজিয়া, নজরুল ইসলাম, আব্দুল হালিম নান্নু, জামিল আব্দুল রব প্রমুখ বক্তব্য রাখেন।
ইউডি/এ

